যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক কিশোরী রোগীকে যৌন হয়রানি ও নিপীড়নের অভিযোগে ডা. ফজল ইউসুফ নামে ৭২ বছর বয়সী এক বাংলাদেশি চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার সকালে পুলিশের স্পেশাল ভিকটিমস স্কোয়াড তাকে গ্রেপ্তার করে।
প্রসিকিউটরদের অভিযোগ অনুযায়ী, নিজের বাড়ির ভেতরে অবস্থিত চেম্বারেই ১৫ বছর বয়সী ওই কিশোরীকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেন ডা. ফজল ইউসুফ। তিনি কিশোরীর জামার নিচ দিয়ে স্পর্শকাতর স্থানে হাত দেন এবং তাকে বলেন, সে দেখতে সুন্দর এবং তার উচিত চিকিৎসকের সঙ্গে কাজ করা। ঘটনাটি গ্রেপ্তারের আগের সপ্তাহে ঘটেছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশের তথ্যমতে, এই চিকিৎসকের বিরুদ্ধে থার্ড ডিগ্রি যৌন নির্যাতনের দুটি অভিযোগ, জোরপূর্বক স্পর্শ (ফরসিবল টাচিং) এবং শিশুর কল্যাণ বিপন্ন করার (এন্ডেঞ্জারিং দ্য ওয়েলফেয়ার অব আ চাইল্ড) অভিযোগ আনা হয়েছে।
১৫ বছর বয়সী কিশোরী ছাড়াও ২০ বছর বয়সী আরেক তরুণীকেও তিনি যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ রয়েছে। তবে সেই অভিযোগটির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ। পুরো ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
সূত্র: Sylhet Today 24











