নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে অবস্থিত ফিশ প্লেগ্রাউন্ডের তিনটি বাস্কেটবল কোর্টের সংস্কার কাজ শেষ হয়েছে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি, সিটি পার্কস কমিশনার ট্রিশিয়া শিমামুরা এবং নিউ ইয়র্ক লিবার্টি ও ব্রুকলিন নেটস-এর মালিক ক্লারা উ সাই এই তথ্য জানিয়েছেন।

সংস্কারকাজের অংশ হিসেবে কোর্টগুলো নতুন করে ঢালাই ও পেভ করা হয়েছে, যেখানে ধূসর, কালো ও সিফোম সবুজ রঙের ফিনিশ দেওয়া হয়েছে। এছাড়া নতুন ব্যাকবোর্ড ও নেট বসানো হয়েছে। খেলোয়াড় ও দর্শকদের বসার জন্য নতুন বেঞ্চ এবং দর্শনার্থীদের জন্য পানির ফোয়ারা স্থাপন করা হয়েছে। কোর্ট থেকে বল যেন রাস্তায় চলে না যায় এবং মাঠের ভেতরের দৃশ্য স্পষ্ট থাকে, সেজন্য চারপাশের চেইন-লিঙ্ক ফেন্সিংয়ে নতুন জাল লাগিয়ে সংস্কার করা হয়েছে।

এই প্রকল্পটি জো অ্যান্ড ক্লারা সাই ফাউন্ডেশনের সোশ্যাল জাস্টিস ফান্ডের ২৮ লাখ ৯০ হাজার (২.৮৯ মিলিয়ন) ডলার বিনিয়োগের একটি অংশ। এনওয়াইসি পার্কসের ‘অ্যাডপ্ট-এ-পার্ক’ (Adopt-A-Park) কর্মসূচির আওতায় ব্রুকলিনের পাঁচটি পার্কের মোট ১৩টি বাস্কেটবল কোর্ট আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়।

ফিশ প্লেগ্রাউন্ড ছাড়াও ব্রুকলিনের ক্রাউন হাইটসের জ্যাকি রবিনসন প্লেগ্রাউন্ড, ইস্ট নিউ ইয়র্কের ব্রুকলিন বলফিল্ডস, ফ্ল্যাটল্যান্ডসের ফক্স প্লেগ্রাউন্ড এবং সানসেট পার্কের বাস্কেটবল কোর্টগুলোতে এই সংস্কার কাজ পরিচালিত হয়েছে। গান ভায়োলেন্স বা বন্দুক সহিংসতার শিকার এলাকাগুলোতে বিনোদন সুবিধা বাড়ানোর লক্ষ্য নিয়ে পার্কস বিভাগের সঙ্গে আলোচনা করে এসব স্থান নির্ধারণ করা হয়।

১৯৬৫ সালে চালু হওয়া ফিশ প্লেগ্রাউন্ডটি এনওয়াইসি পার্কস এবং ডিপার্টমেন্ট অব এডুকেশন যৌথভাবে পরিচালনা করে। পার্কটিকে ঘিরে থাকা তিনটি সড়ক—ফুলটন স্ট্রিট, সারাটোগা অ্যাভিনিউ এবং হারকিমার স্ট্রিটের আদ্যক্ষর মিলিয়ে এর নামকরণ করা হয়।

কেন এটি গুরুত্বপূর্ণ

এই উদ্যোগের মাধ্যমে ব্রুকলিনের যেসব এলাকায় বন্দুক সহিংসতার প্রকোপ বেশি এবং নাগরিক সুযোগ-সুবিধা তুলনামূলক কম, সেখানে তরুণ ও স্থানীয় বাসিন্দাদের জন্য নিরাপদ ও আধুনিক খেলাধুলার সুযোগ তৈরি করা হচ্ছে। পাশাপাশি বেসরকারি ফাউন্ডেশন ও সিটি প্রশাসনের অংশীদারিত্বে কীভাবে পাবলিক পার্কগুলো উন্নত করা যায়, এটি তার একটি উদাহরণ।

সূত্র: NYC.gov