আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ভ্যালি অঞ্চলে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)-এর তৎপরতা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সেখানে কয়েক সপ্তাহ ধরে চলা অভিযানে স্থানীয় লাতিনো অভিবাসীদের আটক করা হয়েছে এবং ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বার্তা সংস্থা রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, অক্টোবরের শুরুতে হোয়াইট হাউসের দেওয়া নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হয়। একটি অভ্যন্তরীণ ইমেইল বার্তা পর্যালোচনা করেও রয়টার্স এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

যে এলাকায় এই অভিযান চালানো হয়েছে, তা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যালিফোর্নিয়ার ২২তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের অংশ। এই আসনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে লড়ছেন ছয়বারের নির্বাচিত কংগ্রেস প্রতিনিধি ডেভিড ভালাদাও। তার বিপরীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্র্যাট প্রার্থী র‍্যান্ডি ভিলেগাস, যিনি নির্বাচনী দৌড়ে কিছুটা এগিয়ে রয়েছেন।

এই সংসদীয় আসনের অন্তর্ভুক্ত বেকার্সফিল্ড এলাকার প্রায় ৭৩ শতাংশ বাসিন্দা লাতিনো অভিবাসী। তাদের একটি বড় অংশ যুক্তরাষ্ট্রের বৈধ নাগরিক এবং নিবন্ধিত ভোটার। তবে এলাকায় আইসের ঘন ঘন অভিযান ও আটকের ঘটনায় স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যার ফলে অনেকে ভোটকেন্দ্রে যাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

কেন এটি গুরুত্বপূর্ণ

হাউস অব রিপ্রেজেনটেটিভসে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লড়াইয়ে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচনী আসনে অভিবাসী অধ্যুষিত এলাকায় ফেডারেল সংস্থার এমন অভিযান ভোটারদের উপস্থিতি ও সার্বিক নির্বাচনী ফলাফলে প্রভাব ফেলতে পারে।

সূত্র: TBN24