বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের ৫৩তম জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘ অভিনয় ক্যারিয়ার ও অর্জনের তথ্য তুলে ধরা হয়েছে। বিভিন্ন প্ল্যাটফর্মের তথ্যের বরাতে জানা গেছে, দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে তাঁর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক ১০০ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২০০ কোটি টাকা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রচার ও অন্যান্য বিনিয়োগের মাধ্যমে এই সম্পদ গড়ে উঠেছে।

১৯৭৩ সালের ১ নভেম্বর ভারতের কর্ণাটকের ম্যাঙ্গালোরে জন্মগ্রহণ করেন ঐশ্বরিয়া। বাবার চাকরির কারণে পরবর্তীতে পরিবারের সঙ্গে তিনি মুম্বাই চলে আসেন। ছোটবেলা থেকেই ধ্রুপদি নাচ ও ভরতনাট্যম শেখা ঐশ্বরিয়া ১৯৯১ সালে মডেলিং শুরু করেন এবং ১৯৯৪ সালে ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব অর্জন করেন।

চলচ্চিত্রে তাঁর অভিষেক হয় ১৯৯৭ সালে মণি রত্নমের তামিল সিনেমা ‘ইরুবার’-এর মাধ্যমে। একই বছর ‘অউর পেয়ার হো গায়া’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন তিনি। পরবর্তীতে শাহরুখ খানের সঙ্গে ২০০০ সালের ‘জোশ’ ও ‘মহাব্বতে’ সিনেমার মাধ্যমে হিন্দি সিনেমায় তাঁর সাফল্য ও পরিচিতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর ‘দেবদাস’, ‘চোখের বালি’, ‘রেইনকোট’, ‘গুজারিশ’, ‘ধুম ২’, ‘যোধা আকবর’, ‘এথিরাম’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘সর্বজিৎ’ এবং ‘পন্নিয়িন সেলভান’-এর মতো আলোচিত সিনেমায় অভিনয় করেন তিনি।

অভিনয় জীবনে ঐশ্বরিয়া দুইবার ফিল্মফেয়ার, ছয়বার আইফা এবং ছয়বার স্ক্রিন অ্যাওয়ার্ডসহ দেশে-বিদেশে প্রায় দেড় শতাধিক পুরস্কার পেয়েছেন। ২০০৯ সালে তিনি ভারতের রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মশ্রী’ লাভ করেন।

ব্যক্তিগত জীবনে ২০০৭ সালে তিনি অভিনেতা অভিষেক বচ্চনকে বিয়ে করেন। তাঁদের সংসারে আরাধ্য বচ্চন নামে এক মেয়ে রয়েছে। রূপালি পর্দায় ঐশ্বরিয়াকে সর্বশেষ ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘পন্নিয়িন সেলভান ২’ সিনেমায় দেখা গেছে। এরপর থেকে তাঁর নতুন কোনো সিনেমার খবর পাওয়া যায়নি।

সূত্র: Dhaka Post