জনপ্রিয় অভিনয়শিল্পী দম্পতি মৌসুমী ও ওমর সানীর দুই সন্তান নিজেদের মতো করে ক্যারিয়ার ও জীবন গড়ে তুলছেন। তাঁদের ছোট মেয়ে ফাইজা আবিহা মৌসুমী বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কসমেটোলজি বিষয়ে পড়াশোনা করছেন। অন্যদিকে বড় ছেলে ফারদীন এহসান স্বাধীন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসন প্রতিষ্ঠানে যুক্ত রয়েছেন।

২৯ অক্টোবর ছিল মেয়ে ফাইজার জন্মদিন। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থানরত মেয়ের জন্য ফেসবুকে আবেগঘন শুভেচ্ছা ও দোয়া জানান মা মৌসুমী। একই দিনে বাংলাদেশ থেকে ভিডিও কলের মাধ্যমে মেয়ের সঙ্গে কথা বলে জন্মদিনের শুভেচ্ছা জানান বাবা ওমর সানী এবং সেই মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাংলাদেশে ‘ও লেভেল’ এবং ‘এ লেভেল’ সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান ফাইজা। অন্যদিকে ছেলে ফারদীন শুরুর দিকে পড়াশোনার পাশাপাশি নাটক নির্মাণ ও প্রযোজনার সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে পুরোপুরি দুবাইয়ের আবাসন খাতে কাজ করছেন।

সন্তানদের ভবিষ্যৎ ও পেশা নির্বাচন নিয়ে ওমর সানী জানান, পড়াশোনার নির্দিষ্ট ধাপ পর্যন্ত সচেতন থাকলেও তাঁরা কখনোই সন্তানদের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেননি। ছেলে-মেয়ে দুজনেই নিজেদের পছন্দমতো ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে এবং বাবা-মা হিসেবে তাঁদের পূর্ণ সমর্থন রয়েছে।

সূত্র: Prothom Alo