ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার গায়ের রং ও শারীরিক গড়ন নিয়ে অভিনেতা আন্নু কাপুরের করা মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হলেও, এসব নিয়ে ভাবতে চান না বলে জানিয়েছেন তামান্না। সম্প্রতি এনডিটিভি প্রফিট ইগনাইট অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি স্পষ্ট করেন, তাঁর মনোযোগ এখন অভিনয় ও নতুন কাজের দিকে।

অনুষ্ঠানে তামান্না বলেন, একজন সৃজনশীল মানুষের জন্য মন দিয়ে শোনা যেমন জরুরি, তেমনই কোন বিষয়গুলো গ্রহণ করতে হবে আর কোনগুলো এড়িয়ে যেতে হবে, সেটাও বোঝা প্রয়োজন। তাঁর মতে, এ ধরনের কথায় মনোযোগ দিতে শুরু করলে জীবনে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তিনি জানান, এসব মন্তব্য তিনি এড়িয়ে চলেন এবং নিজের অভিনয়জীবন ও নতুন কী তৈরি করতে চান, তাতেই সীমাবদ্ধ রাখেন নিজের চিন্তা। অভিনয়কে তিনি একধরনের সেবা হিসেবে দেখেন বলেও উল্লেখ করেন।

গত বছর ইউটিউবার শুভঙ্কর মিশ্রর একটি পডকাস্টে আন্নু কাপুর তামান্নার ‘আজ কি রাত’ গানের ক্লিপ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে অভিনেত্রীর গায়ের রং নিয়ে ‘দুধের মতো ফরসা শরীর’ বলে মন্তব্য করেন। পাশাপাশি গানের সঙ্গে তাঁর শারীরিক উপস্থিতি মানুষের ভালো ঘুমের কারণ হলে তা দেশের জন্য আশীর্বাদ বলেও উল্লেখ করেন। অভিনেত্রীর কাজের চেয়ে গায়ের রং ও শরীর নিয়ে এমন কথা বলাকে নেটিজেনদের অনেকেই আপত্তিকর, যৌনতাবাদী ও নারীবিদ্বেষী হিসেবে সমালোচনা করেছিলেন।

কাজের ক্ষেত্রে তামান্নাকে সর্বশেষ দেখা গেছে ‘বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ সিনেমায়, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। সামনে বালাজি মোশন পিকচার্সের ‘রাগিণী এমএমএস ৩’ সিনেমায় জুনায়েদ খানের বিপরীতে দেখা যাবে তাঁকে, যা ২০২৭ সালে মুক্তির কথা রয়েছে।

সূত্র: Prothom Alo