জনপ্রিয় ভারতীয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর হিন্দি ২০তম সিজন স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিওহটস্টারে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে। সম্প্রচার শুরুর ৬০ দিনেরও কম সময়ে শোটি ১০০ কোটি ঘণ্টার (১ বিলিয়ন ঘণ্টা) ওয়াচ-টাইম অতিক্রম করেছে। ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসে এটিই সবচেয়ে দ্রুততম সময়ে এই মাইলফলক ছোঁয়ার রেকর্ড।

গত সেপ্টেম্বরে প্রিমিয়ার হওয়া এই সিজনটি প্ল্যাটফর্মটিতে কোনো রিয়্যালিটি শো হিসেবে উদ্বোধনী দিনেই সর্বোচ্চ দর্শক টানার রেকর্ড করেছিল। ভারতীয় টেলিভিশন ও স্ট্রিমিং জগতে রিয়্যালিটি ফরম্যাটের ২০ বছর পূর্তির সময়েও শোটির জনপ্রিয়তা অব্যাহত রয়েছে।

দর্শকদের সম্পৃক্ততার ক্ষেত্রেও বড় ধরনের প্রবৃদ্ধি দেখা গেছে। চলতি সিজনে এখন পর্যন্ত ৩৫০ কোটির বেশি ভোট পড়েছে, যা আগের সিজনের তুলনায় ৭১ শতাংশ বেশি। পাশাপাশি ভোটিংয়ে অংশ নেওয়া দর্শকের সংখ্যা বেড়েছে ৪৮ শতাংশ। আয়োজকদের তথ্য অনুযায়ী, এই সিজনের মোট ওয়াচ-টাইমের ৪৫ শতাংশ এসেছে ‘জেন জি’ (Gen Z) বা তরুণ প্রজন্মের দর্শকদের কাছ থেকে। এছাড়া বড় পর্দায় ‘কানেক্টেড টিভি’র মাধ্যমে দেখার হারও বেড়েছে।

ভারতের বাইরেও আন্তর্জাতিক পরিসরে যুক্তরাজ্য, কানাডা ও সিঙ্গাপুরে জিওহটস্টারের শীর্ষ পাঁচটি কনটেন্টের মধ্যে রয়েছে শোটি। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে ‘স্টারজপ্লে’ (STARZPLAY) প্ল্যাটফর্মে এটি বর্তমানে শীর্ষ তালিকায় রয়েছে।

এই মাইলফলক নিয়ে শোয়ের সঞ্চালক সালমান খান দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, বিগ বসের আসল খেলা কেবল ঘরের ভেতরেই সীমাবদ্ধ নয়, বাইরেও দর্শকরা এর প্রতিটি মুহূর্তের সঙ্গে জড়িয়ে থাকেন। ১০০ কোটি ঘণ্টার ওয়াচ-টাইম দর্শকদের ধারাবাহিক সমর্থন ও ভালোবাসারই প্রতিফলন।

জিওস্টারের হিন্দি ও ইংলিশ এন্টারটেইনমেন্ট বিজনেসের প্রধান অলোক জৈন জানান, মৌসুমটির প্রায় অর্ধেক সময় বাকি থাকতেই এই রেকর্ড স্পর্শ করা সম্ভব হয়েছে। বানিজে এশিয়া ও এন্ডেমল শাইন ইন্ডিয়ার গ্রুপ সিইও দীপক ধরও দর্শকদের দীর্ঘমেয়াদি আস্থা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। মোট ২৪টি বিভিন্ন খাতের স্পনসর নিয়ে বর্তমানে প্ল্যাটফর্মটিতে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা শোটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে।

সূত্র: Bollywood Hungama