কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা এবং হেয় করার উদ্দেশ্যে তা ছড়িয়ে দেওয়া কোনো বিনোদন নয়, বরং একটি অপরাধ বলে মন্তব্য করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
মেহজাবীন লিখেছেন, যখন এ ধরনের কনটেন্ট হাজার হাজার মানুষ শেয়ার করতে থাকে, তখন তা আর কেবল কনটেন্ট নির্মাতার একার অপরাধে সীমাবদ্ধ থাকে না; এটি বড় একটি সামাজিক সমস্যার রূপ নেয়।
ভিউ, লাইক, শেয়ার এবং আয়ের লোভে অন্যকে অপমান করার এই প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তিনি উল্লেখ করেন, কনটেন্ট তৈরি অনেকের জীবিকা হতে পারে, তবে অন্য মানুষের অপমান কখনও উপার্জনের মাধ্যম হতে পারে না।
পোস্টে তিনি আরও বলেন, এই প্রতিযোগিতা কেবল নারী বা পুরুষের মধ্যে সীমাবদ্ধ নেই। ক্ষতিকর কিছু ছড়িয়ে দেওয়ার অংশ যেমন যে কেউ হতে পারে, তেমনি যে কেউ এর শিকারও হতে পারে। যারা স্বেচ্ছায় এ ধরনের কনটেন্ট শেয়ার করে অন্যের ক্ষতি বাড়াচ্ছেন, তাদের নিজেদের দায়িত্বশীলতা ও বিবেকের জায়গাটি পুনর্বিবেচনা করার আহ্বান জানান তিনি।
সূত্র: Daily Amader Shomoy











