বাংলাদেশের আলোচিত দুটি ওয়েব সিরিজ—আশফাক নিপুণের ‘মহানগর’ এবং অমিতাভ রেজা চৌধুরীর ‘বোহেমিয়ান ঘোড়া’ এবার বৈশ্বিক ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে যুক্ত হচ্ছে। বাংলা স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই এবং নেটফ্লিক্সের মধ্যে হওয়া একটি নতুন চুক্তির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে ভারতে নেটফ্লিক্সের বৃহত্তর দর্শকের কাছে সিরিজ দুটি পৌঁছানোর সুযোগ তৈরি হলো।

দুই বছর মেয়াদি এই চুক্তির অধীনে, এ সময়ের মধ্যে হইচই প্ল্যাটফর্মে প্রিমিয়ার হওয়া সব নতুন সিরিজ নেটফ্লিক্সেও দেখা যাবে। তবে নেটফ্লিক্সে এগুলো মূলত হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় ডাবিং আকারে বিশেষ প্রিমিলেজ হিসেবে প্রচার করা হবে, আর মূল বাংলায় সেগুলো হইচইয়ে প্রচারিত হবে।

নতুন কনটেন্টের পাশাপাশি হইচইয়ের বেশ কয়েকটি পুরনো ও সফল প্রযোজনাও নেটফ্লিক্সে যুক্ত হচ্ছে। এই তালিকায় ‘মহানগর’ ও ‘বোহেমিয়ান ঘোড়া’ ছাড়াও রয়েছে ‘ম্যাডাম ইন্সপেক্টর’, ‘সম্পূর্ণা’, ‘লজ্জা’, ‘একেন’, ‘দ্য কার্স অব পর্ণশবরী’, ‘ব্লাডলাইনস’, ‘কুইনস’ এবং ‘পরিণীতা: আ লাভ স্টোরি’।

চুক্তির আওতায় আগামী ৬ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে লোককাহিনিভিত্তিক ভৌতিক সিরিজ ‘দ্য কার্সড টেম্পল অব কড়িবুড়ি’, যেখানে অভিনয় করেছেন জিতু কমল, শোলাঙ্কি রায় ও পাওলি দাম। এটিও বাংলায় হইচইয়ে মুক্তির পাশাপাশি অন্য তিন ভাষায় নেটফ্লিক্সে দেখা যাবে। এ ছাড়া হইচই স্টুডিওস ও নেটফ্লিক্স যৌথভাবে হইচইয়ের কিছু নির্বাচিত গল্পের ওপর ভিত্তি করে নতুন মৌলিক সিরিজ নির্মাণ ও রূপান্তরের উদ্যোগ নেবে বলেও জানানো হয়েছে।

কেন এটি গুরুত্বপূর্ণ

এই অংশীদারত্বের ফলে আঞ্চলিক বাংলা কনটেন্ট বহুজাতিক ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে হিন্দি, তামিল ও তেলুগুভাষী দর্শকদের কাছে পৌঁছানোর বড় সুযোগ তৈরি হলো, যা বাংলা কনটেন্টের বাণিজ্যিক ও সাংস্কৃতিক পরিধি আরও বাড়াবে।

সূত্র: The Business Standard