অভিনেত্রী মৌসুমীকে নিয়ে ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথিত সংবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর ছেলে ফারদিন এহসান স্বাধীন। একই সঙ্গে পরিবারের সদস্যদের বিরুদ্ধে এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চিত্রনায়ক ওমর সানী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, মৌসুমীর সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে তাঁকে যুক্তরাষ্ট্রের বাড়ি থেকে বের করে দিয়েছেন ছেলে ফারদিন। তবে এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে নাকচ করেছেন ওমর সানী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে ফারদিন জানান, তাঁর সঙ্গে মায়ের সম্পর্ক অত্যন্ত শ্রদ্ধার এবং তাঁকে নিয়ে তৈরি করা এসব খবর সম্পূর্ণ মনগড়া। মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার মতো দাবিকে তিনি অবাস্তব বলে মন্তব্য করেন এবং মিথ্যা তথ্য প্রচারকারীদের বিচারের দাবি জানান।

ওমর সানীর তথ্য অনুযায়ী, ফারদিন বর্তমানে দুবাইয়ে এবং মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এছাড়া যুক্তরাষ্ট্রে তাঁদের কোনো সম্পত্তি নেই বলেও তিনি উল্লেখ করেন। ওমর সানী অভিযোগ করেন, ভিউ ও সাময়িক জনপ্রিয়তা পাওয়ার লক্ষ্যেই পরিবারের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি করা হচ্ছে।

সূত্র: Daily Amader Shomoy