পর্দায় ৭৫ বছর বয়সেও নিজের জনপ্রিয়তার প্রমাণ দিলেন তামিল সুপারস্টার রজনীকান্ত। নেলসন দিলীপকুমার পরিচালিত তার নতুন সিনেমা ‘জেলার ২’ মুক্তির মাত্র দুই দিনেই বিশ্বব্যাপী ২০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করেছে।

গত ১৫ অক্টোবর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। প্রথম দিনে বিশ্বব্যাপী এর মোট আয় ছিল ১২৫ কোটি রুপি। দ্বিতীয় দিনে সিনেমাটি প্রায় ৮৫ কোটি রুপি আয় করে। ফলে প্রথম দুই দিনেই এর মোট বক্স অফিস সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে ২১০ কোটি রুপিতে।

বিভিন্ন গণমাধ্যমের তথ্যানুযায়ী, প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে ‘জেলার ২’। বক্স অফিসে আয়ের বর্তমান গতি অব্যাহত থাকলে খুব দ্রুতই সিনেমাটি লগ্নিকৃত অর্থ তুলে নিয়ে এক সপ্তাহের মধ্যে লাভের মুখ দেখবে বলে ধারণা করা হচ্ছে।

সমালোচকদের মতে, সিনেমাটির গল্প সাধারণ হলেও এর উপস্থাপন, বিভিন্ন তারকার ক্যামিও উপস্থিতি এবং চমকপ্রদ দৃশ্যগুলো একে উপভোগ্য করে তুলেছে। এর কেন্দ্রে রয়েছে রজনীকান্তের অভিনয় ও অ্যাকশন। এর আগে ২০২৩ সালে একই নির্মাতার ‘জেলার’ সিনেমাটিও বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল, যার ধারাবাহিকতা সিক্যুয়েলেও বজায় রয়েছে।

সূত্র: Bangla New York