জনপ্রিয় মার্কিন ড্রামা সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত অভিনেতা আরজে মিটি ৩৪ বছর বয়সে মারা গেছেন। অভিনেতার এক প্রতিনিধির বরাত দিয়ে জানানো হয়েছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন না আসা পর্যন্ত তার মৃত্যুর বিস্তারিত ধরন তদন্তাধীন রয়েছে।

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তার মা ডায়না মিটি জানিয়েছেন, মৃত্যুর আগের সপ্তাহান্তে আরজে পরিবার ও বন্ধুদের সঙ্গেই সময় কাটিয়েছিলেন। ঘটনার দিন সকালে তিনি ছেলেকে ফোন করলেও কোনো সাড়া পাননি। দুপুর পর্যন্ত ঘুমানোর অভ্যাস থাকায় তিনি প্রথমে বিষয়টি নিয়ে চিন্তিত হননি। পরে বেলা ১১টার দিকে দুপুরের খাবার নিয়ে ছেলের কাছে গেলে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

ডায়না মিটি জানান, ঘটনাস্থলে কোনো চিরকুট পাওয়া যায়নি। তিনি মনে করেন, এটি হয়তো তাৎক্ষণিক কোনো সিদ্ধান্তের ফল। তিনি ছেলের কোনো মানসিক স্বাস্থ্য সংকটের কথা সরাসরি না জানলেও, তার এক বন্ধুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় আরজে খুব কষ্ট পেয়েছিলেন বলে উল্লেখ করেন। মা হিসেবে বিগত তিন মাস ধরে ছেলেকে থেরাপি নেওয়ার জন্য বললেও তিনি সবসময় নিজে তা সামলে নিতে পারবেন বলে আশ্বস্ত করতেন।

অন্যদের সচেতন করার উদ্দেশ্যেই প্রকাশ্যে কথা বলছেন জানিয়ে ডায়না মিটি বলেন, কোনো অভিভাবকের যেন এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে না হয়। যদি তার এই বক্তব্য কারও সাহায্যে আসে, তবে আরজেও তা-ই চাইতেন বলে তিনি মন্তব্য করেন।

আরজে মিটির মৃত্যুতে ‘ব্রেকিং ব্যাড’ সিরিজে তার সহ-অভিনেতারা শোক প্রকাশ করেছেন। সিরিজে তার বাবার চরিত্রে অভিনয় করা ব্রায়ান ক্র্যানস্টন ও মায়ের চরিত্রে অভিনয় করা অ্যানা গান সামাজিক যোগাযোগমাধ্যম ও বিবৃতিতে গভীর শোক জানিয়ে তার সঙ্গে কাজ করার স্মৃতিচারণ করেছেন।

আপনার কী করা উচিত?

  1. 1মানসিক চাপ বা সংকটজনক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে সহায়তার জন্য ন্যাশনাল সুইসাইড প্রিভেনশন লাইফলাইনের 800-273-TALK (8255) নম্বরে কল করা যেতে পারে অথবা Crisis Text Line-এর 741741 নম্বরে বার্তা পাঠানো যেতে পারে।

সূত্র: Page Six