সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি রাজপরিবারের সদস্য মাহরা আল নাহিয়ানকে লন্ডনে একটি শিশুকে অবহেলার মামলায় দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছে আদালত। ৩২ বছর বয়সী মাহরা আদালতে নিজের দোষ স্বীকার করার পর বিচারক তাকে দুই বছরের কমিউনিটি অর্ডার দেন। এর আওতায় তাকে পুনর্বাসন কার্যক্রমে অংশ নিতে হবে। একই সঙ্গে তাকে পাঁচ হাজার পাউন্ড জরিমানা এবং এক হাজার পাউন্ড মামলার খরচ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটে গত ১৩ জুন শনিবার দুপুরে পশ্চিম লন্ডনের কেনসিংটন এলাকায়। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের তথ্যের বরাত দিয়ে জানা যায়, সিনক্লেয়ার রোডের একটি ভাড়া করা বেসমেন্ট ফ্ল্যাটে মাহরা ও তার এক পুরুষ বন্ধু প্রায় ৪৮ ঘণ্টা ধরে অবস্থান করছিলেন এবং সেখানে মাদক সেবনের অভিযোগ ওঠে। পরবর্তীতে কেনসিংটনের রাস্তায় ওই পুরুষ ও মাহরাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
সে সময় মাহরার দায়িত্বে থাকা তিন বছর বয়সী একটি শিশু জুতা ছাড়া খালি পায়ে স্কুটার নিয়ে ব্যস্ত সড়কের কাছে ঘুরছিল। শিশুটি বিপজ্জনকভাবে চলন্ত গাড়ির কাছাকাছি চলে গেলে আশপাশের পথচারীরা এগিয়ে এসে তাকে রক্ষা করেন এবং পুলিশে খবর দেন। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও পুলিশের একাধিক গাড়ি পৌঁছায়।
আদালতে কৌঁসুলি জানান, মাহরা প্রায় ৩০ মিনিট অচেতন ছিলেন। জ্ঞান ফেরার পর তিনি অস্বাভাবিক আচরণ করেন। বিচারক জনসন শুনানিতে উল্লেখ করেন, মাহরা চরম অবহেলা দেখিয়েছেন এবং পথচারীরা শিশুটিকে না আটকালে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। যদিও পুলিশের তল্লাশিতে তার কাছ থেকে মাদক গ্রহণের সরঞ্জাম পাওয়া গিয়েছিল, তবে কোনো অবৈধ মাদক পাওয়া যায়নি।
আদালতকে আরও জানানো হয়েছে, ঘটনার পর থেকে মাহরা সারে কাউন্টির ওকিংয়ের একটি পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন। তার আইনজীবী জানান, তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন এবং মাদকাসক্তি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। জানা গেছে, মাহরা মাসে আট হাজার পাউন্ড ভাতা পান।
সূত্র: Daily Manab Zamin











