প্রযোজক শাহরিয়ার শাকিলের সঙ্গে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীর একটি যৌথ ছবি প্রকাশের পর থেকেই আলোচনা তুঙ্গে—তবে কি ভিকি জাহেদের পরিচালনায় বড় পর্দায় আসছেন এই জুটি। বছরখানেক ধরে গুঞ্জন চলছে, শাকিলের প্রযোজনায় ও ভিকির পরিচালনায় ‘পুলসিরাত’ নামের সিনেমায় এই ত্রয়ী যুক্ত হচ্ছেন। তবে আনুষ্ঠানিকভাবে এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি।

বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে নির্মাতা ভিকি জাহেদ জানান, চুক্তির বাধ্যবাধকতা থাকায় এই মুহূর্তে অনেক তথ্যই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার সুযোগ তাঁর নেই। বড় পর্দার অভিষেক নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ২০২৭ সালেই দর্শকেরা প্রেক্ষাগৃহে তাঁর সিনেমা দেখতে পারবেন। তবে সেটি ঠিক কোন প্রজেক্ট বা কারা অভিনয় করছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। কিছুদিন আগে কলকাতায় আরেকটি সিনেমার শুটিং শেষ করেছেন এই নির্মাতা, যাতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার ও তমা মির্জা। সেই কাজ নিয়েও এখনই কিছু খোলসা করতে চাননি তিনি।

এদিকে কাজের পরিধি গুছিয়ে আনার কথা জানিয়েছেন ভিকি। তিনি জানান, সিনেমা বানাবেন বলে নাটকের কাজ ছাড়ছেন না; বরং মাধ্যম যা-ই হোক, যে গল্প তাঁকে ভাবায় সেটাই তিনি আগে বানান। তবে তাড়াহুড়ো না করে আগের চেয়ে কাজের সংখ্যা কমিয়ে ভালো প্রি-প্রোডাকশনের মাধ্যমে প্রজেক্টগুলো শেষ করতে চান তিনি।

সাম্প্রতিক সময়ে ওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত কাজের স্বীকৃতিও পাচ্ছেন এই নির্মাতা। ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডসে জনপ্রিয় বিভাগে ওয়েব সিরিজ ‘আকা’র জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন তিনি। একই আয়োজনে ‘আকা’র জন্য আফরান নিশো সেরা অভিনেতা এবং ভিকির ওয়েব ফিল্ম ‘নীলসুখ’-এর জন্য মেহজাবীন চৌধুরী সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। এর আগে ‘রেডরাম’ ও ‘চক্র’র জন্যও সেরা নির্মাতার পুরস্কার পেয়েছিলেন ভিকি।

সূত্র: Prothom Alo