যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি পুনরায় চালুর উদ্যোগে নতুন করে আইনি বাধা তৈরি হয়েছে। লটারি কার্যক্রম শুরু করার বিষয়ে নিম্ন আদালতের দেওয়া নির্দেশ সাময়িকভাবে স্থগিত করেছেন ফেডারেল আপিল আদালত। সরকারের জরুরি আবেদনের পরিপ্রেক্ষিতে নবম সার্কিট কোর্ট অব আপিলসের তিন বিচারকের একটি প্যানেল এই স্থগিতাদেশ জারি করেন।
এর আগে নিম্ন আদালত ডিভি লটারির নিবন্ধন কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশনা অনুযায়ী নির্ধারিত দিনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এ সংক্রান্ত ঘোষণা দেওয়ার কথা ছিল। তবে আপিল আদালতের আদেশের কারণে ট্রাম্প প্রশাসন চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিবন্ধন কার্যক্রম স্থগিত রাখার সুযোগ পেল।
আদালত তাদের পর্যবেক্ষণে জানান, পররাষ্ট্র দপ্তরের ব্যর্থতাকে আদালত সমর্থন করছেন না। তবে মামলা পরিচালনাকারী সংস্থাটি পর্যাপ্ত আইনি যুক্তি ও প্রমাণ উপস্থাপন করতে পারেনি এবং তারা সরাসরি সুবিধাভোগী পক্ষ হিসেবে মামলা করার মতো আইনগত অধিকার বা ‘স্ট্যান্ডিং’ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে।
ডিভি লটারি চালুর দাবিতে লড়াই করা সংস্থা রেড (RED)-এর প্রধান কার্টিস মরিসন জানিয়েছেন, পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে তারা দ্রুতই নতুন আইনি পদক্ষেপ নেবেন।
যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যাক্ট অব ১৯৯০-এর আওতায় কম অভিবাসী প্রতিনিধিত্ব থাকা দেশগুলোর জন্য প্রতিবছর সর্বোচ্চ ৫৫ হাজার গ্রিন কার্ড বরাদ্দ রাখা হয়, যা সাধারণ মানুষের কাছে ডিভি লটারি নামে পরিচিত। নতুন আদেশের ফলে এই কর্মসূচির নিবন্ধন নিয়ে আবারও অনিশ্চয়তা দেখা দিল।
কেন এটি গুরুত্বপূর্ণ
আপিল আদালতের এই আদেশের ফলে ডিভি লটারির নিবন্ধন কার্যক্রম পুনরায় শুরু হওয়ার বিষয়টি থমকে গেল এবং মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আবেদনপ্রত্যাশীদের অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো।
সূত্র: Bangla New York












