নিউইয়র্ক রাজ্যের কম ও মাঝারি আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে বাড়ি কেনার সুযোগ তৈরিতে প্রায় ২০ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা করেছেন গভর্নর ক্যাথি হোচুল। 'মুভ-ইন এনওয়াই' (MOVE-IN NY) শীর্ষক উদ্যোগের আওতায় এই অর্থ দিয়ে রাজ্যে মোট ৬১টি নতুন একক পরিবারভিত্তিক বাড়ি তৈরি করা হবে।
নিউইয়র্ক স্টেট হোমস অ্যান্ড কমিউনিটি রিনিউয়াল (HCR) পরিচালিত এই কর্মসূচি মূলত কারখানায় তৈরি আধুনিক প্রযুক্তির প্রি-ফ্যাব্রিকেটেড বাড়ি বা 'ক্রসমডস' (CrossMods) নির্মাণে সহায়তা করে। প্রচলিত কাঠামোর মতো দেখতে এই বাড়িগুলো দ্রুত ও তুলনামূলক কম খরচে তৈরি করা সম্ভব। নির্মাণের পর বাড়িগুলো নির্মাণ খরচের চেয়েও কম মূল্যে যোগ্য ক্রেতাদের কাছে বিক্রি করা হবে।
সবশেষ এই বরাদ্দে চারটি এলাকার ল্যান্ড ব্যাংক অর্থ সহায়তা পেয়েছে। এর মধ্যে এসেক্স কাউন্টি ল্যান্ড ব্যাংক ২৪টি বাড়ির জন্য ৭২ লাখ ৬০ হাজার ডলার, ওয়েইন কাউন্টি রিজিওনাল ল্যান্ড ব্যাংক ১১টি বাড়ির জন্য ৩৩ লাখ ২৭ হাজার ৫০০ ডলার, রচেস্টার ল্যান্ড ব্যাংক ১৫টি বাড়ির জন্য ৪৫ লাখ ৩৭ হাজার ৫০০ ডলার এবং সাফোক কাউন্টি ল্যান্ড ব্যাংক ১১টি বাড়ির জন্য ৪৮ লাখ ৪০ হাজার ডলার পেয়েছে। সব মিলিয়ে এই প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত ৮০ মিলিয়ন ডলারের বেশি বরাদ্দ দেওয়া হয়েছে, যা ২৫০টি পরিবারের জন্য আবাসনের সুযোগ তৈরি করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই বাড়িগুলো ফেডারেল ডিপার্টমেন্ট অব হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্টের (HUD) নির্ধারিত মান মেনে তৈরি। এছাড়া ফ্যানি মে (Fannie Mae) ও ফ্রেডি ম্যাকের (Freddie Mac) অনুমোদন থাকায় ক্রেতারা প্রচলিত মর্টগেজ বা গৃহঋণ সুবিধার মাধ্যমে এগুলো কিনতে পারবেন।
নিউইয়র্কে নির্মাণসামগ্রীর দাম ও সুদের হার বেড়ে যাওয়ায় একটি ছোট একক পরিবারভিত্তিক বাড়ি তৈরিতে সাধারণত সাড়ে চার লাখ ডলার বা তার বেশি খরচ হচ্ছে। ফলে তরুণ ও নতুন ক্রেতাদের জন্য বাড়ি কেনা কঠিন হয়ে পড়েছে। এই সংকট মোকাবিলায় কারখানাভিত্তিক নির্মাণপ্রযুক্তি ব্যবহার করে সাশ্রয়ী স্টার্টার হোম সরবরাহ বাড়ানোর ওপর জোর দিচ্ছে রাজ্য সরকার।
কেন এটি গুরুত্বপূর্ণ
নির্মাণ ব্যয় ও ঋণের উচ্চ সুদের কারণে নিউইয়র্কে প্রথমবার বাড়ি কিনতে চাওয়া পরিবারগুলোর জন্য বাজার ক্রমেই কঠিন হয়ে উঠেছে। কারখানায় তৈরি প্রি-ফ্যাব্রিকেটেড প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও কম খরচে মানসম্মত বাড়ি তৈরি করে স্বল্প ও মাঝারি আয়ের মানুষের কাছে হস্তান্তর করার এই মডেল আবাসন সংকট লাঘবে ভূমিকা রাখছে।
সূত্র: New York State Homes and Community Renewal (HCR)










