ইসলামের দৃষ্টিতে জাদুটোনা বা কালো জাদু করা কবিরা গুনাহ ও কুফরি। পবিত্র কোরআনের সূরা বাকারার ১০২ নম্বর আয়াতে জাদুর কুপ্রভাব ও এর কুফরি দিক সম্পর্কে স্পষ্ট নির্দেশনা রয়েছে। ইসলামে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ওয়াজিব হলেও অনিষ্টকারী ব্যক্তির ক্ষতি থেকে আত্মরক্ষা ও দ্বীন রক্ষার বিধানও রয়েছে।
ইসলামী চিন্তাবিদদের মতামত অনুযায়ী, যদি নিশ্চিতভাবে প্রমাণিত হয় যে কোনো আত্মীয় বা পরিবারের সদস্য জাদুটোনা করে শারীরিক, মানসিক বা দ্বীনি ক্ষতিসাধন করছে, তবে নিজের নিরাপত্তা ও ক্ষতি থেকে বাঁচতে তার সঙ্গে মেলামেশা কমানো বা দূরত্ব বজায় রাখা বৈধ। ইসলামের মূলনীতি অনুযায়ী, কোনো মুসলমানের ক্ষতিসাধনের আশঙ্কা দূর করতে কারও সংস্পর্শ বর্জন করা যায় এবং এতে গুনাহ হবে না।
তবে এক্ষেত্রে অন্তরে স্থায়ী শত্রুতা পোষণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। সুযোগ থাকলে দূর থেকে সালাম দেওয়া, খোঁজ নেওয়া কিংবা দোয়া বজায় রাখা উত্তম বলে ধর্মীয় নির্দেশনায় উল্লেখ রয়েছে। এছাড়া অনিষ্ট থেকে সুরক্ষার জন্য নিয়মিত সূরা ফালাক ও সূরা নাস পাঠের আমল বর্ণিত রয়েছে।
সূত্র: Dhaka Post










