মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনচরিত বা সীরাত নিয়ে গবেষণামূলক প্রবন্ধের সংকলন উন্মুক্ত রেখেছে ইসলামিক গবেষণা প্রতিষ্ঠান ইয়াকিন ইনস্টিটিউট (Yaqeen Institute for Islamic Research)। তাদের এ সংগ্রহে মহানবীর জীবনের বিভিন্ন ঘটনা, চারিত্রিক বৈশিষ্ট্য এবং নবুয়তি দায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের এই গবেষণা কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো মহানবীর নেতৃত্ব ও জীবনাচরণ থেকে শিক্ষণীয় বিষয়গুলো বিশ্লেষণ করা, যা আধুনিক জীবনেও আধ্যাত্মিক ও নৈতিক নির্দেশিকা হিসেবে সহায়ক হতে পারে।
ইয়াকিন ইনস্টিটিউট উল্লেখ করেছে, তাদের গবেষণাপত্রগুলো উচ্চ প্রাতিষ্ঠানিক মান বজায় রেখে যোগ্য আলেম ও বিশেষজ্ঞদের মাধ্যমে রচিত এবং পিয়ার-রিভিউ বা পর্যালোচনার মাধ্যমে চূড়ান্ত করা হয়। এসব গবেষণাপত্রে তথ্যসূত্র সঠিকভাবে সন্নিবেশিত রয়েছে, যার ফলে শিক্ষার্থীরা এপিএ (APA), এমএলএ (MLA) বা শিকাগো (Chicago) পদ্ধতিতে এগুলোকে একাডেমিক কাজে উদ্ধৃতি (citation) হিসেবে ব্যবহার করতে পারবেন।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে থাকা এসব গবেষণা প্রবন্ধ কোনো ধরনের সাবস্ক্রিপশন বা ফি ছাড়াই যে কেউ পড়তে, ডাউনলোড করতে এবং অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন।
সূত্র: Yaqeen Institute for Islamic Research










