হ্যালোউইন উৎসবের সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের বিনোদন ও জনবহুল এলাকায় পৃথক গোলাগুলির ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বহু মানুষ। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে।
সবচেয়ে বড় সহিংসতার ঘটনাটি ঘটেছে টেক্সাসের ডালাসে। শহরটির বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত ‘ডিপ এলাম’ এলাকায় বন্দুকধারীর গুলিতে চারজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হন। ডালাসের পুলিশ প্রধান ড্যানিয়েল কোমো জানান, শনিবার রাতে প্রায় সোয়া এক ঘণ্টার ব্যবধানে তিনটি পৃথক স্থানে গুলির ঘটনা ঘটে। ঘটনাগুলোর মধ্যে কোনো পারস্পরিক যোগসূত্র রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে।
এদিকে শনিবার রাতে আলাবামার বার্মিংহামে ‘ম্যাজিক সিটি ক্লাসিক’ ফুটবল ম্যাচ শেষে স্টেডিয়ামের কাছে গ্রেয়মন্ট অ্যাভিনিউতে গুলিবর্ষণে একজন নিহত এবং আটজন আহত হন। বার্মিংহামের পুলিশ প্রধান মাইকেল পিকেট জানান, হামলার সময় স্টেডিয়াম থেকে দর্শকদের বেশিরভাগই বেরিয়ে গিয়েছিলেন। পুলিশের মুখপাত্র ডি’রেল ফ্রিম্যান জানান, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া শনিবার রাতে ডেলাওয়্যার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছে নেওয়ার্কে গুলিতে ছয়জন আহত হন। নেওয়ার্ক পুলিশের লেফটেন্যান্ট গ্রেগ ডি’এলিয়া জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার ভোরে ইলিনয়ের ব্লুমিংটনে একটি বিশ্ববিদ্যালয়ের কাছে গুলিতে ১৯ বছর বয়সী এক তরুণী নিহত এবং আরও ছয়জন আহত হন। একই দিন ভোরে আরকানসাসের ফেয়েটভিলেও ছয়জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র: Ei Samay


















