বাংলাদেশের বেসরকারি খাতে আগামী পাঁচ বছরে এক ট্রিলিয়ন ইয়েন বা ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে জাপান। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ৭৭ হাজার ৪৭০ কোটি টাকা। জাপানের গণমাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে।

আসন্ন দ্বিপক্ষীয় শীর্ষ সম্মেলনে দুই দেশের প্রধানমন্ত্রীর যৌথ বিবৃতির মাধ্যমে এই বিনিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপানে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর। সফরের দ্বিতীয় দিনে ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

এই বিনিয়োগ মূলত বাংলাদেশের অটোমোবাইল, উৎপাদন শিল্প এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের অবকাঠামো নির্মাণে ব্যয় করা হবে। এছাড়া জাপানি ট্রেডিং হাউস সুমিতোমো করপোরেশনসহ অন্যান্য অংশীদারদের উদ্যোগে গড়ে তোলা ‘বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন’-এ জাপানি কোম্পানিগুলো বিনিয়োগ করবে। এর আগে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের সঙ্গে একটি অর্থনৈতিক অংশীদারি চুক্তি সই করেছিল জাপান।

কেন এটি গুরুত্বপূর্ণ

এই উদ্যোগের প্রধান লক্ষ্য বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা, বাংলাদেশকে একটি কার্যকর বিনিয়োগ কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং এশীয় অঞ্চলে অর্থনৈতিক প্রভাব বৃদ্ধি করা।

সূত্র: Channel i Online