জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে বড় ধরনের সাংগঠনিক পরিবর্তনের প্রস্তুতি চলছে। দলটির আহ্বায়ক ও সদস্য সচিব পদ অপরিবর্তিত রেখে কয়েকটি গুরুত্বপূর্ণ শীর্ষ পদ বিলুপ্ত এবং নেতাদের দায়িত্ব রদবদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলীয় সূত্রের বরাতে জানা গেছে, মুখ্য সংগঠক, মুখ্য সমন্বয়ক, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদগুলো বিলুপ্ত করা হচ্ছে। এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদ’-এর সভায় এ সিদ্ধান্ত হয়। আহ্বায়ক কমিটি ঘোষণার পর বিভিন্ন সময়ে পদ বাড়িয়ে দলটির নেতাকর্মীর সংখ্যা দুই শতাধিক পর্যন্ত উন্নীত করা হয়েছিল।
নতুন সাংগঠনিক কাঠামো অনুযায়ী, বর্তমান মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন। অন্যদিকে বর্তমান মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে অন্তর্ভুক্ত হতে পারেন। সারজিস আলম সাংগঠনিক বিষয়ের তদারকি করবেন এবং তার সঙ্গে সহপ্রধান হিসেবে আরিফুল ইসলাম আদীব ও আলী আহসান জুনায়েদ কাজ করবেন বলে জানা গেছে।
দলটির এক কেন্দ্রীয় নেতা জানান, পদ পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত হয়েছে এবং শিগগিরই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। এছাড়া দলের সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন নাহিদ ইসলাম, যেখানে শীর্ষ নেতারা অংশ নেবেন।
সূত্র: Daily Manab Zamin


















