তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ প্রস্তাব দেওয়া হয়।

বৈঠকে তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তার ক্ষেত্রে দেশটির আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের পর এসব তথ্য জানান।

সাক্ষাতে পানিসম্পদ ব্যবস্থাপনা, আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। নেদারল্যান্ডসের প্রতিনিধিদল নদী ব্যবস্থাপনাসহ জলবায়ু অভিযোজন ও চর উন্নয়নে যৌথ কাজের ওপর জোর দেয়। অপরদিকে বাংলাদেশ পক্ষ থেকে ভূমি পুনরুদ্ধারে নেদারল্যান্ডসের অভিজ্ঞতা ব্যবহারের বিষয়ে বিশেষ আগ্রহের কথা জানানো হয়।

আলোচনায় নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষিখাতে প্রযুক্তিগত দক্ষতা বিনিময়ের বিষয়টিও ওঠে আসে। এছাড়া রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে মিয়ানমারে তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করে বাংলাদেশ।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইওরিস ভ্যান বোমেলসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেন এটি গুরুত্বপূর্ণ

বদ্বীপ অঞ্চল হিসেবে পানিসম্পদ ব্যবস্থাপনা এবং নদীভাঙন নিয়ন্ত্রণে নেদারল্যান্ডসের দীর্ঘদিনের প্রযুক্তিগত অভিজ্ঞতা রয়েছে। তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও কারিগরি ক্ষেত্রে দেশটির সহযোগিতা যুক্ত হলে তা বাংলাদেশের নদী ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি অবকাঠামো পরিকল্পনায় কার্যকর ভূমিকা রাখতে পারে।

সূত্র: Mymensingh Pratidin