যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসের মেয়র নির্বাচনে জয়ী হয়েছেন প্রগতিশীল সিটি কাউন্সিল সদস্য নিথিয়া রমন। তিনি বর্তমান মেয়র ক্যারেন ব্যাসকে পরাজিত করেছেন। এর মধ্য দিয়ে প্রথম কোনো দক্ষিণ এশীয় হিসেবে শহরটির শীর্ষ পদে বসতে যাচ্ছেন তিনি। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) বৃহস্পতিবার নিথিয়া রমনকে বিজয়ী ঘোষণা করে। ফলাফলে তিনি ৫২ শতাংশ ভোট পেয়েছেন।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম, সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এবং সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসির মতো প্রভাবশালী ডেমোক্র্যাট নেতাদের সমর্থন পেয়েছিলেন বর্তমান মেয়র ক্যারেন ব্যাস। তবে সেই সমর্থন সত্ত্বেও ৪৫ বছর বয়সী রমন জয় তুলে নেন। নিথিয়া রমনের প্রচারে সমর্থন জানিয়েছিল ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকা (ডিএসএ)। গত দুই দশকের মধ্যে ক্যারেন ব্যাসই লস অ্যাঞ্জেলেসের প্রথম মেয়র যিনি পুনর্নির্বাচিত হতে ব্যর্থ হলেন। এক বিবৃতিতে ব্যাস রমনকে অভিনন্দন জানিয়ে মসৃণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন।
ভারতে জন্মগ্রহণকারী নিথিয়া রমন রাজনীতিতে আসার আগে নগর পরিকল্পনাবিদ (আরবান প্ল্যানার) হিসেবে কাজ করেছেন। একসময় তিনি ব্যাসের মিত্র ছিলেন এবং শুরুতে তার পুনর্নির্বাচনের পক্ষেও সমর্থন জানিয়েছিলেন। তবে পরবর্তীতে অবস্থান পরিবর্তন করে গত ফেব্রুয়ারিতে মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়সীমার মাত্র কয়েক ঘণ্টা আগে মেয়র নির্বাচনে প্রার্থী হন।
বিজয়ী ভাষণে নিথিয়া রমন একটি গতিশীল ও সৃজনশীল লস অ্যাঞ্জেলেস গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। নির্বাচনী প্রচারণায় তিনি সাশ্রয়ী আবাসন সম্প্রসারণ, অবহেলিত নাগরিক সেবার মানোন্নয়ন এবং গৃহহীন সমস্যা মোকাবিলায় চিকিৎসা দল মোতায়েনের অঙ্গীকার করেন। এ ছাড়া ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে নগর পুলিশের সহযোগিতা সংক্রান্ত উদ্বেগের জেরে বর্তমান পুলিশ প্রধানকে পরিবর্তনেরও ডাক দিয়েছেন তিনি।
৩৮ লাখেরও বেশি মানুষের এই শহরের নতুন মেয়র হিসেবে রমনকে আবাসন ও গৃহহীন সমস্যার পাশাপাশি ২০২৮ সালের জুলাইয়ে অনুষ্ঠেয় অলিম্পিক গেমস আয়োজনের প্রস্তুতিও সামলাতে হবে।
কেন এটি গুরুত্বপূর্ণ
যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোর স্থানীয় রাজনীতিতে বামপন্থী ও প্রগতিশীলদের প্রভাব বৃদ্ধির বড় উদাহরণ এই ফল। নিউ ইয়র্ক সিটির পর লস অ্যাঞ্জেলেসেও ডিএসএ সমর্থিত প্রার্থীর এই জয় মার্কিন রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেয়।
সূত্র: Al Jazeera English


















