ভারতে চলমান যুব আন্দোলন ও সাম্প্রতিক রাজনৈতিক বিক্ষোভের কড়া সমালোচনা করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই আন্দোলনকে তিনি ‘বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র’ হিসেবে উল্লেখ করে বিরোধী দলগুলোর বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা তোলার অভিযোগ এনেছেন।
শুক্রবার উত্তর প্রদেশের লক্ষ্ণৌয়ে এক সংবাদ সম্মেলনে রাজনাথ সিং দাবি করেন, বর্তমান প্রতিবাদ কোনো নির্বাচনী সংস্কার বা প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে নয়। তার মতে, যুবসমাজকে দাবার ঘুঁটি বানিয়ে সহিংসতার মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের অপচেষ্টা চালানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, বিক্ষোভকারীদের কেউ কেউ প্রকাশ্যে বলছে তারা বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়েছে, যা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা।
সংবাদ সম্মেলনে ভারতীয় জাতীয় কংগ্রেসের তীব্র সমালোচনা করেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি অভিযোগ করেন, বিরোধীদের ব্যবহৃত ‘রেজিম চেঞ্জ’ বা ক্ষমতা পরিবর্তনের মতো শব্দগুলো প্রমাণ করে যে তাদের উদ্দেশ্য নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা আনা নয়, বরং দেশে অস্থিরতা তৈরি করা। একই সঙ্গে তিনি ব্যঙ্গাত্মক দল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র সাম্প্রতিক বিক্ষোভ এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভূমিকারও সমালোচনা করেন।
সম্প্রতি বিজেপি নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যমে নেহা বোরা নামের এক আন্দোলনকারীর ৩৯ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। ওই ভিডিওতে তাকে ভারতের তরুণদের আন্দোলনকে বাংলাদেশের গণআন্দোলনের সঙ্গে তুলনা করতে এবং সংহতি প্রকাশ করতে শোনা যায়। তিনি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে চলা প্রতিবাদকে ভোটাধিকার রক্ষার লড়াই হিসেবে আখ্যা দেন। তবে প্রচারিত ওই ভিডিওটি কবে ধারণ করা হয়েছিল এবং এর সত্যতা কতটুকু, সে বিষয়ে নিরপেক্ষ কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র: Bangla New York


















