ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তি উপলক্ষে উয়েফা এবং ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ বিশেষ এক পুরস্কারের আয়োজন করে, যার নাম ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ (বোট)। অতীতে ব্যালন ডি’অর জেতা মৌসুমগুলোর মধ্য থেকে বিশ্বজুড়ে সমর্থকদের ভোটে সেরা মৌসুম বেছে নিতে এই উদ্যোগ নেওয়া হয়। গত ১ অক্টোবর শুরু হওয়া এই ভোটে লিওনেল মেসিকে হারিয়ে বিজয়ী হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

ভোটে রোনালদোর জেতা পাঁচটি ব্যালন ডি’অরের মধ্যে প্রথমটি, অর্থাৎ ২০০৮ সালের জয়টি সেরা হিসেবে নির্বাচিত হয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় ২০০৭-০৮ মৌসুমে রোনালদো প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে ৪২ গোল করেছিলেন। অন্যদিকে মেসির ২০১২ সালের ব্যালন ডি’অর জয়টি ভোটে দ্বিতীয় স্থান পেয়েছে। ২০১১-১২ মৌসুমে বার্সেলোনার হয়ে মেসি এক পঞ্জিকাবর্ষে ৯১ গোল করার অনন্য কীর্তি গড়েছিলেন।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্ল্যারিন’-এর তথ্য অনুযায়ী, রোনালদো ৪৪৬ পয়েন্ট পেয়ে বিজয়ী হন, যেখানে মেসি পান ২৮১ পয়েন্ট। এই বিশেষ আয়োজনে ক্যারিয়ারে অন্তত দুবার ব্যালন ডি’অর জয়ী ১০ জন কিংবদন্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তালিকায় শীর্ষ ১২টি স্থানই দখল করেছে মেসি ও রোনালদোর বিভিন্ন মৌসুমের জয়। ২০০২ সালের ব্যালন ডি’অর জয়ের মাধ্যমে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও রয়েছেন তালিকার ১৩তম স্থানে।

প্রতিটি ভোটের জন্য ভক্তদের ১ ইউরো খরচ করতে হয়েছে এবং একাধিকবার ভোট দেওয়ার সুযোগ ছিল। ভোটাভুটিতে অনিয়মের অভিযোগ উঠলেও তা নাকচ করেছে ব্যালন ডি’অর কর্তৃপক্ষ। তারা জানায়, প্ল্যাটফর্মটিতে মাত্র ৫ হাজার ৯ জন ব্যবহারকারী একের অধিক ভোট দিয়েছেন। এই বিশেষ স্বীকৃতির জন্য বিজয়ী কোনো ট্রফি দেওয়া হবে না বলে আয়োজকরা আগেই নিশ্চিত করেছিলেন।

সূত্র: Prothom Alo