লস অ্যাঞ্জেলেস ডার্বিতে চরম নাটকীয়তার পর লস অ্যাঞ্জেলেস চার্জার্সকে ২৪-৯ ব্যবধানে পরাজিত করেছে লস অ্যাঞ্জেলেস র‍্যামস। সোফাই স্টেডিয়ামে ম্যাচের শুরুতে র‍্যামসের আক্রমণভাগ মারাত্মক বিপর্যয়ে পড়েছিল। অন্তত ২০০০ সালের পর এই প্রথম কোনো ম্যাচের প্রথম পাঁচটি পজেশনের একটিতেও তারা 'ফার্স্ট ডাউন' আদায় করতে পারেনি। এমনকি প্রথম ড্রাইভেই অভিজ্ঞ কোয়ার্টারব্যাক ম্যাথিউ স্ট্যাফোর্ডের একটি পাস ইন্টারসেপ্ট করেন চার্জার্সের কর্নারব্যাক তারহিব স্টিল।

প্রথমার্ধের শেষ দিকে ৯-৩ ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থায় র‍্যামস তাদের পরিচিত ছন্দে ফেরে। বিরতির ঠিক দুই মিনিট আগে স্ট্যাফোর্ডের দুর্দান্ত পরিচালনায় গতি পায় দলটির আক্রমণভাগ। টুুটু অ্যাটওয়েলের ৪০ গজের একটি বড় গেইনের পর কাইরেন উইলিয়ামসের টাচডাউনে এগিয়ে যায় র‍্যামস। প্রধান কোচ শন ম্যাকভে স্বীকার করেন, আক্রমণাত্মক দিক থেকে ম্যাচের এর চেয়ে বাজে শুরু আর হতে পারত না। তবে স্ট্যাফোর্ডের ওই দুই মিনিটের ড্রাইভই দলকে ম্যাচে চালকের আসনে বসিয়ে দেয়।

দ্বিতীয়ার্ধে র‍্যামসের রানিং গেম পুরোপুরি কার্যকর হয়ে ওঠে। ব্লেক কোরাম ১১টি ক্যারি থেকে ৭৩ গজ ও একটি টাচডাউন অর্জন করেন। সব মিলিয়ে কোরাম ও কাইরেন উইলিয়ামস মিলে ২৭টি ক্যারিতে ১২৯ গজ ও দুটি টাচডাউন যোগ করেন। এর পাশাপাশি পুকা নাকুয়ার ১৮ গজের একটি স্ক্রিন পাস টাচডাউন র‍্যামসের জয় নিশ্চিত করে।

দলের রক্ষণভাগও পুরো ম্যাচে দারুণ ভূমিকা রেখেছে। তারা চার্জার্সকে কোনো টাচডাউন করতে দেয়নি। ট্রেন্ট ম্যাকডাফি একটি ইন্টারসেপশন করেন এবং কোয়েন্টিন লেকও গুরুত্বপূর্ণ একটি টার্নওভার এনে দেন। তবে জয়ের দিনেও চোটের কারণে ম্যাকডাফি ও জেইলন ওয়াটসন মাঠ ছাড়েন, যা দলের ইনজুরি সমস্যাকে আরও বাড়িয়েছে।

জয় পেলেও সামনে দলটির কঠিন সূচি রয়েছে। ওয়াশিংটন কমান্ডার্স ও অ্যারিজোনা কার্ডিনালসের বিপক্ষে আগামী ম্যাচগুলোর পর দলটির বাই উইক রয়েছে। তবে গ্রিন বে প্যাকার্স, কানসাস সিটি চিফসের মতো শক্তিশালী দলের মুখোমুখি হওয়ার আগে র‍্যামসকে তাদের দুর্বলতাগুলো দ্রুত কাটিয়ে উঠতে হবে।

সূত্র: NFL Official Portal