অবসরপ্রাপ্ত টেনিস মহাতারকা রাফায়েল নাদালকে ক্লাবের পরিচালনা পর্ষদে (বোর্ড অব ডিরেক্টরস) যুক্ত করার পরিকল্পনা করছে রিয়াল মাদ্রিদ। বুধবার এক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানায়।
২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী নাদাল ২০১১ সাল থেকেই রিয়াল মাদ্রিদের অনারারি সদস্য হিসেবে যুক্ত আছেন। ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গেও তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে উল্লেখ করেছে, স্পেন ও বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব নাদালকে বোর্ডে পাওয়া ক্লাব এবং সমর্থকদের জন্য গর্বের বিষয়। তার মতো একজন ক্রীড়াবিদ পরিচালনা পর্ষদে যুক্ত হয়ে ক্লাবের বর্তমান ও ভবিষ্যৎ অগ্রগতিতে ভূমিকা রাখবেন বলে ক্লাবটি আশা প্রকাশ করেছে।
আগামী ২১ নভেম্বর রিয়াল মাদ্রিদের সাধারণ সভায় ক্লাবের সদস্যরা (সোসিওস) নাদালের এই নিয়োগ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করবেন বলে জানানো হয়েছে।
এই প্রস্তাবের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নাদাল ক্লাব সভাপতি ও পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লেখেন, অত্যন্ত আগ্রহের সঙ্গে তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন এবং ক্লাবের জন্য নিজের সেরাটা দিয়ে অবদান রাখতে ও শিখতে তিনি উন্মুখ।
৪০ বছর বয়সী নাদাল ক্যারিয়ারে রেকর্ড ১৪ বার ফ্রেঞ্চ ওপেন একক শিরোপা জিতেছেন। এর আগে ২০২৩ সালে এক সাক্ষাৎকারে তিনি ভবিষ্যতে রিয়াল মাদ্রিদের সভাপতি হওয়ার ইচ্ছার কথা জানালেও তখন তিনি এ পদের জন্য যোগ্য কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। চলতি বছরের ক্লাব নির্বাচনের আগে সভাপতি পদে লড়ার খবর থেকেও তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন। গত জুনে অনুষ্ঠিত নির্বাচনে এনরিকে রিকেলমেকে হারিয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হন ফ্লোরেন্তিনো পেরেজ।
সূত্র: The Daily Star











