সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে বল হাতে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। পেসার হাসান মাহমুদের বিধ্বংসী বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ১০৬.৪ ওভারে ৩৫৬ রানে অলআউট হয়েছে। দিনের খেলায় শেষ পর্যন্ত ১২১ রানের ব্যবধানে সফরকারীদের শেষ ৬টি উইকেট তুলে নেয় টাইগাররা।
এর আগে প্রথম দিনে টসে জিতে ব্যাটিংয়ে নেমে আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার আগে ৪ উইকেটে ২৩৫ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় অপরাজিত সেঞ্চুরিয়ান আমির জাঙ্গো ১১১ রান এবং জাস্টিন গ্রিভস ৩৫ রান নিয়ে ব্যাট করতে নামেন। দিনের খেলা শুরুর মাত্র ৫ ওভারের মধ্যেই আড়াইশ রান পেরিয়ে যায় ক্যারিবীয়রা। ফিল্ডিংয়ের সময় বাউন্ডারি লাইনে বল আটকাতে গিয়ে বাঁ পায়ের গোড়ালি মচকে যাওয়ায় ওপেনার সাদমান ইসলামকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
এরপরই ম্যাচে আঘাত হানেন হাসান মাহমুদ। সেঞ্চুরি করা আমির জাঙ্গোকে ১৩৩ রানে ফেরানোর পরের বলেই রোস্টন চেজকে শূন্য রানে সাজঘরে পাঠান তিনি। পরে জশুয়া বিশপকে ২৩ রানে আউট করে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন এই ডানহাতি পেসার।
মধ্যাহ্ন বিরতির আগে ৫১ রান করা গ্রিভসকে আউট করেন মেহেদী হাসান মিরাজ। বিরতির পর জোসেফকে ১৬ রানে ফিরিয়ে নিজের ষষ্ঠ উইকেট তুলে নেন হাসান মাহমুদ। শেষ ব্যাটার জেইডিন সিলেসকে ১৫ রানে এলবিডব্লিউ করে ক্যারিবীয়দের ইনিংস গুটিয়ে দেন মিরাজ।
বাংলাদেশের হয়ে বল হাতে একাই ৬ উইকেট শিকার করেন হাসান মাহমুদ। এছাড়া মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ নেন ২টি করে উইকেট।
সূত্র: Channel i Online











