সব ঠিক থাকলে ভুটানের থিম্পু সফরে যাচ্ছেন আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে থিম্পুতে সরাসরি সব বিমানের যোগাযোগ না থাকায় যাওয়ার পথে ঢাকা, সৈয়দপুর কিংবা ভারতের কোনো বিমানবন্দরকে ট্রানজিট হিসেবে ব্যবহারের সম্ভাবনা রয়েছে। এর ফলে বাংলাদেশে তাঁর স্বল্প সময়ের জন্য অবস্থানের একটি সুযোগ তৈরি হয়েছে।

বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত না হলেও প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জানা গেছে, ফিফা সভাপতি বাংলাদেশে ট্রানজিট নিলে যাতে তাঁর ইমিগ্রেশন ও আনুসঙ্গিক অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করা যায়, সে বিষয়ে আলোচনার জন্য শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান বাফুফের সাধারণ সম্পাদক।

ইনফান্তিনো যদি ঢাকার বিমানবন্দরের ভিআইপি জোনে ট্রানজিটে অবস্থান করেন, তবে বাফুফে সভাপতি ও সহসভাপতিরা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এর আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপ চলাকালে ফিফা সভাপতির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজের। ট্রানজিট নিশ্চিত হলে ঢাকায় আবারও তাঁদের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: Thikana News