মেজর লিগ সকারে (এমএলএস) আটলান্টা ইউনাইটেডকে তাদের মাঠেই ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। দলের এই গুরুত্বপূর্ণ জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন লিওনেল মেসি, করেন জোড়া গোল।
ম্যাচের প্রথমার্ধের ৪৫তম মিনিটে লুইস সুয়ারেজের বাড়ানো পাসে গোল করে ইন্টার মায়ামিকে এগিয়ে নেন জেরমান বেরতেরামে। এরপর দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে বেরতেরামের অ্যাসিস্ট থেকে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।
চার মিনিট পরেই নিজের দ্বিতীয় গোল তুলে নেন আর্জেন্টাইন তারকা। ৬০তম মিনিটে সুয়ারেজের দ্বিতীয় অ্যাসিস্টে বল পেয়ে মায়ামিকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। ম্যাচের শেষ দিকে ৮৯তম মিনিটে আটলান্টা পেনাল্টি পেলে ফাফা পিকাল্ট গোল করে ব্যবধান ৩-১ করেন।
এই জয়ের পর মেজর লিগ সকারে ৩০ ম্যাচে ১৫ জয়, ১০ ড্র ও ৫ হারে ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে মায়ামি। শীর্ষে থাকা ন্যাশভিলের পয়েন্ট ৬৭ এবং ৫২ পয়েন্ট নিয়ে তালিকার তিনে রয়েছে নিউ ইংল্যান্ড।
সূত্র: Channel i Online











