আমেরিকান ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকির সঙ্গে দীর্ঘদিন পর সম্প্রতি সম্পর্কের ইতি টেনেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তিনি সুইস ব্র্যান্ড অন-এর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর নাইকি তাদের ফুটবল বুট লাইনের শীর্ষ মুখ হিসেবে বায়ার্ন মিউনিখের উইঙ্গার মাইকেল ওলিসেকে বেছে নিয়েছে।

স্প্যানিশ সংবাদপত্র এএস-এর প্রতিবেদনে ফুটি হেডলাইন্সের বরাত দিয়ে জানানো হয়েছে, ২৪ বছর বয়সী ওলিসের সঙ্গে নাইকির একটি মাল্টি-মিলিয়ন ইউরোর চুক্তি সম্পন্ন হয়েছে। স্বাধীনভাবে নিজের পছন্দের বুট পরতে পছন্দ করায় এতদিন বড় বড় ব্র্যান্ডের স্পনসরশিপ ফিরিয়ে দিয়েছিলেন এই ফরাসি ফরোয়ার্ড।

ওলিসে ২০১৯ সালে উৎপাদন বন্ধ হয়ে যাওয়া নাইকি হাইপারভেনম ফ্যান্টম ৩ মডেলটি পরতে ভালোবাসেন। এমনকি অনলাইনে বিশ্বের নানা প্রান্ত থেকে এই বুট খুঁজে এনে নিজের পছন্দের নকশায় কাস্টমাইজ করিয়েও তিনি ম্যাচ ও অনুশীলনে ব্যবহার করতেন।

চুক্তি অনুযায়ী নাইকি তাদের ফ্যান্টম রেঞ্জের উৎপাদন বন্ধ করে ২০২৭ সাল থেকে আবারও হাইপারভেনম মডেল তৈরি শুরু করার পরিকল্পনা করছে, যার প্রচারণায় মূল মুখ হিসেবে থাকবেন ওলিসে। চলতি মৌসুমে দারুণ ফর্মে রয়েছেন এই অ্যাটাকার; বায়ার্ন মিউনিখের হয়ে সাত ম্যাচে ৬ গোল করার পাশাপাশি ফ্রান্সের জাতীয় দলেও চার ম্যাচে ৪টি গোল করেছেন তিনি।

সূত্র: Bangla New York