ওরাকলের সঙ্গে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক কম্পিউটিং অংশীদারিত্ব গুটিয়ে নিচ্ছে মাইক্রোসফট। সংশ্লিষ্ট সূত্রের বরাতে ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৩ সালে স্বাক্ষরিত চুক্তিটি আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে ওরাকলের কাছ থেকে ভাড়া নেওয়া সার্ভার সক্ষমতা পর্যায়ক্রমে কমিয়ে এনেছে মাইক্রোসফট। ওরাকলের এসব সার্ভারে এনভিডিয়া করপোরেশনের পুরোনো প্রজন্মের চিপ ব্যবহার করা হয়েছিল, যা বর্তমানে মাইক্রোসফটের প্রযুক্তিগত চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দ্রুতগতির নতুন চিপ বাজারে আসার ফলে পুরোনো এআই হার্ডওয়্যারের কার্যকারিতা কমে যাওয়া নিয়ে সামগ্রিক প্রযুক্তি খাতে যে উদ্বেগ তৈরি হয়েছে, এই পদক্ষেপকে তারই অংশ হিসেবে দেখা হচ্ছে। গবেষণা প্রতিষ্ঠান গার্টনারও সতর্ক করেছে যে অবকাঠামোয় অতিরিক্ত বিনিয়োগের পর চিপ দ্রুত পুরোনো হয়ে পড়ায় আর্থিক ক্ষতির ঝুঁকি বাড়ছে।
২০২৩ সালে মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বিং সার্চ ইঞ্জিনের কাজের জন্য এই অংশীদারিত্ব শুরু হয়েছিল। তবে প্রতিষ্ঠান দুটি কখনোই চুক্তির মোট আর্থিক অঙ্ক প্রকাশ করেনি। এছাড়া গত জুনে ওরাকলের সঙ্গে অতিরিক্ত সক্ষমতা লিজ নেওয়ার আরেকটি আলোচনা ব্যর্থ হয়েছিল বলে জানিয়েছে বিজনেস ইনসাইডার।
চুক্তি শেষ হওয়ার এই খবর প্রকাশের পর ওরাকলের শেয়ারের দর প্রায় ৩ শতাংশ কমে যায়। এআই ডেটা সেন্টার নির্মাণে ব্যাপক ব্যয়ের কারণে প্রতিষ্ঠানটির মুক্ত নগদ প্রবাহ (ফ্রি ক্যাশ ফ্লো) ইতিমধ্যে ঋণাত্মক অবস্থায় রয়েছে এবং তাদের ক্রেডিট রেটিং জাঙ্ক মর্যাদার মাত্র এক ধাপ ওপরে অবস্থান করছে। জুন মাসের সর্বোচ্চ পর্যায়ের পর থেকে ওরাকলের শেয়ারের দাম অর্ধেকের বেশি কমেছে। তবে ওরাকলের এক মুখপাত্র জানিয়েছেন, পুরোনো প্রজন্মের হার্ডওয়্যারসহ তাদের এআই অবকাঠামোর সার্বিক গ্রাহক চাহিদা এখনো বেশ শক্তিশালী।
অন্যান্য ক্লাউড সরবরাহকারীদের সঙ্গে থাকা ৮০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের চুক্তিগুলোও খতিয়ে দেখছে মাইক্রোসফট। কোরউইভ, এনস্কেল এবং নেবেউস গ্রুপের মতো বাইরের প্রতিষ্ঠানের সঙ্গে কাজের ক্ষেত্রে ক্রমবর্ধমান খরচ এবং পরিচালনগত বিলম্ব নিয়ে প্রতিষ্ঠানটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অসন্তোষ প্রকাশ করেছেন। সম্প্রতি যুক্তরাজ্যে একটি প্রকল্প থেকে সরে আসার পর টেক্সাসের ডেটা সেন্টারে এনস্কেলের সক্ষমতা দ্বিগুণ করার বিকল্প সুযোগটিও ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট।
কেন এটি গুরুত্বপূর্ণ
এই পদক্ষেপটি কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে দ্রুত হার্ডওয়্যার পুরোনো হয়ে যাওয়ার ঝুঁকিকে স্পষ্ট করে তুলেছে। পাশাপাশি ওরাকলের মতো সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর বিশাল মূলধনী ব্যয়ের মুখে ক্লাউড চুক্তির অনিশ্চয়তা আর্থিক চাপ বাড়িয়ে দিচ্ছে।
সূত্র: The Times of India










