অনলাইনে টিকিট বুকিং, কেনাকাটা কিংবা অন্যান্য ব্যক্তিগত কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘এআই এজেন্ট’ চালু করছে। তবে বাস্তবে মেটা, ওপেনএআই কিংবা এক্সএআই-এর মতো প্রতিষ্ঠানের তৈরি এসব এজেন্ট ইন্টারনেটের বিভিন্ন শীর্ষ প্ল্যাটফর্মে প্রবেশের ক্ষেত্রে বাধার মুখে পড়ছে।
ইয়েলপ (Yelp) জানিয়েছে, কেবল যে প্রতিষ্ঠানগুলো তাদের ডাটা লাইসেন্সিং প্রোগ্রামের খরচ দেয়, তাদের এজেন্টদেরই সাইটে প্রবেশের সুযোগ রয়েছে। ডেল্টা এয়ারলাইন্স (Delta Air Lines) ব্যবহারকারীদের হয়ে এআই এজেন্টের মাধ্যমে টিকিট কাটার সুবিধা বন্ধ রেখেছে। পাশাপাশি আর্থিক নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে জেপিমরগান চেজ (JPMorgan Chase) ও চার্লস শোয়াব (Charles Schwab) তাদের অ্যাকাউন্টগুলোতে এআই এজেন্টের অ্যাক্সেস ব্লক করার বিষয়টি নিশ্চিত করেছে। ব্যবহারকারীরা আরও জানিয়েছেন, কার্স ডটকম (Cars.com) ও অ্যামট্রাকের (Amtrak) মতো প্ল্যাটফর্মেও এখন আর এসব এজেন্ট দিয়ে কাজ করা যাচ্ছে না।
ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনও তাদের প্ল্যাটফর্মে এআই এজেন্টের কার্যক্রম সীমিত রাখতে কড়া অবস্থান নিয়েছে। পারপ্লেক্সিটির তৈরি শপিং এজেন্টের বিরুদ্ধে আগেই আইনি পদক্ষেপ নিয়েছিল প্রতিষ্ঠানটি। সম্প্রতি মেটার নিজস্ব এআই সহকারী ‘মিউজ’ (Muse)-এর ক্ষেত্রেও অ্যামাজন জানিয়েছে যে তাদের প্ল্যাটফর্মের নিয়ম অনুযায়ী এই কার্যক্রম অনুমোদিত নয়। এছাড়া এক্সএআই-এর ‘গ্রক’ (Grok) এবং ওপেনএআই-এর ‘ডটস’ (Dots)-এর মতো এজেন্টও সেখানে কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছে।
সাইটগুলো সরাসরি নিষেধাজ্ঞা না দিলেও সাধারণ বট প্রতিরোধী নিরাপত্তা ব্যবস্থার কারণেও অনেক এজেন্ট আটকে যাচ্ছে। ক্লাউডফ্লেয়ারের (Cloudflare) মতো ওয়েব অবকাঠামো সেবাদাতারা এআই ক্রলার ও বট ঠেকাতে বাড়তি সুবিধা দেওয়ায় ইন্টারনেটে বিভিন্ন অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে সাময়িক স্থগিত হওয়ার ঘটনা বাড়ছে। তবে প্রতিরোধের পাশাপাশি মেটা তাদের এজেন্ট দিয়ে কেনাকাটার জন্য ওয়ালমার্ট, গ্যাপ, সেফোরা ও বেস্ট বাইয়ের মতো রিটেইলারদের সঙ্গে অংশীদারিত্ব তৈরি করেছে এবং শপিফাই তাদের অনলাইন স্টোরগুলো এআই এজেন্টের জন্য উন্মুক্ত রেখেছে।
কেন এটি গুরুত্বপূর্ণ
ব্যবহারকারীদের দৈনন্দিন অনলাইন কাজ পুরোপুরি স্বয়ংক্রিয় করে তোলার যে স্বপ্ন এআই নির্মাতা প্রতিষ্ঠানগুলো দেখাচ্ছে, বিভিন্ন প্ল্যাটফর্মের এই প্রযুক্তিগত ও নীতিগত প্রতিরোধ তার কার্যকারিতা অনেকটাই সীমিত করে দিচ্ছে। এছাড়া বট ঠেকাতে সাইটগুলো বাড়তি যাচাই প্রক্রিয়া চালু করায় সাধারণ ব্যবহারকারীদের স্বাভাবিক ইন্টারনেট ব্রাউজিং অভিজ্ঞতাও জটিল হয়ে ওঠার ঝুঁকি তৈরি হচ্ছে।
সূত্র: The Verge










