যুক্তরাষ্ট্রের গবেষকদের নতুন এক গবেষণায় দেখা গেছে, বিবাহিত ব্যক্তিদের তুলনায় যারা কখনো বিয়ে করেননি, তাদের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে বেশি হতে পারে। চিকিৎসা সাময়িকী ‘ক্যানসার রিসার্চ কমিউনিকেশনস’-এ এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

গবেষকরা যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্যের আট বছরের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেছেন। এতে দেখা গেছে, বিবাহিতদের তুলনায় কখনো বিয়ে করেননি এমন পুরুষদের ক্যানসারের হার ৬৮ শতাংশ এবং নারীদের ক্ষেত্রে এই হার ৮৩ শতাংশ বেশি। বিশেষ করে তামাকের ব্যবহার, প্রজনন-ইতিহাস এবং হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) সংক্রমণের সঙ্গে জড়িত ক্যানসারগুলোর ক্ষেত্রে এই পার্থক্য সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। এর মধ্যে রয়েছে ফুসফুস, খাদ্যনালি ও জরায়ুমুখের ক্যানসার।

তবে গবেষকরা স্পষ্ট করেছেন, বিয়ে না করাই ক্যানসারের প্রত্যক্ষ কারণ নয়। বরং জীবনযাপনের ধরন এবং স্বাস্থ্যচর্চার অভ্যাসের পার্থক্যের কারণেই এমন ব্যবধান তৈরি হয়। গবেষণাটির প্রধান লেখক এবং ইউনিভার্সিটি অব মিয়ামির মিলার স্কুল অব মেডিসিনের সিলভেস্টার কমপ্রিহেনসিভ ক্যানসার সেন্টারের অধ্যাপক পাওলো এস. পিনেইরো জানান, যারা কখনো বিয়ে করেননি, তাদের মধ্যে ধূমপান, বিভিন্ন সংক্রমণ, সময়মতো ক্যানসার শনাক্তকরণ পরীক্ষা করানো এবং প্রজনন-সংক্রান্ত অভ্যাসে পার্থক্য দেখা যায়। ফলে বৈবাহিক অবস্থা সরাসরি কারণ না হলেও ক্যানসারের অন্তর্নিহিত ঝুঁকিগুলোর একটি পরোক্ষ নির্দেশক হিসেবে কাজ করছে।

কেন এটি গুরুত্বপূর্ণ

গবেষকদের মতে, বৈবাহিক অবস্থার সাথে ক্যানসার ঝুঁকির এই সম্পর্কের পেছনে মূলত জীবনযাপন ও স্বাস্থ্য সচেতনতা কাজ করে। এটি বুঝতে পারলে ক্যানসার প্রতিরোধ এবং সময়মতো স্ক্রিনিংয়ের বিষয়ে আরও কার্যকর স্বাস্থ্য উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

সূত্র: Thikana News