অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান বড় না হওয়ার পেছনে প্রতিযোগিতা বৃদ্ধি, দক্ষ কর্মীর অভাব বা বাজারের প্রতিকূলতাকে কারণ হিসেবে ধরে নেন। তবে উদ্যোক্তা ও নেতৃত্ব বিশেষজ্ঞদের বিশ্লেষণে দেখা গেছে, যেসব কৌশল বা অভ্যাস শুরুতে প্রতিষ্ঠান দাঁড় করাতে সাহায্য করেছিল, পরবর্তী সময়ে সেগুলোই অনেক ক্ষেত্রে অগ্রগতির অন্তরায় বা বটলনেক হয়ে দাঁড়ায়। ভালো উদ্দেশ্য নিয়ে নেওয়া হলেও তিনটি সাধারণ সিদ্ধান্ত নীরবে প্রতিষ্ঠানের গতি কমিয়ে দিতে পারে।
প্রথমত, প্রতিটি গ্রাহকের সঙ্গে প্রতিষ্ঠাতার সরাসরি যোগাযোগের চেষ্টা। শুরুতে ভালো গ্রাহক সেবা নিশ্চিত করতে উদ্যোক্তারা নিজেরাই সব তদারকি করেন। কিন্তু ব্যবসা বাড়ার পরও যদি প্রতিটি ছোটখাটো সিদ্ধান্তে গ্রাহকদের প্রতিষ্ঠাতার ওপর নির্ভর করতে হয়, তবে কর্মীরা সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা পান না। বিশেষজ্ঞদের পরামর্শ, প্রতিষ্ঠাতাকে সব তদারকি থেকে সরে আসতে হবে না, তবে মূল দায়িত্বগুলো নির্দিষ্ট কর্মীদের বুঝিয়ে দিতে হবে যাতে মালিকের দীর্ঘ অনুপস্থিতিতেও কাজ ব্যাহত না হয়।
দ্বিতীয়ত, দুর্বল পারফরম্যান্সের ক্ষেত্রে সীমাহীন সুযোগ দেওয়া। ছোট প্রতিষ্ঠানে কর্মীদের পারিবারিক বা ব্যক্তিগত পরিস্থিতি সহজে জানার সুযোগ থাকায় সহানুভূতি তৈরি হয়। কিন্তু এই মানবিক অনুভূতির কারণে কাজের মূল্যায়ন পেছাতে থাকলে পুরো দলের মনোবল ভেঙে পড়ে। বিশেষজ্ঞদের মতে, কাউকে অনির্দিষ্টকালের জন্য সুযোগ না দিয়ে নির্দিষ্ট সময়সীমা ও পরিমাপযোগ্য প্রত্যাশা নির্ধারণ করে স্পষ্ট পারফরম্যান্স প্ল্যান দেওয়া উচিত।
তৃতীয়ত, সুস্পষ্ট দিকনির্দেশনা ছাড়া লক্ষ্য নির্ধারণ করা। শুধু আয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে কৌশল, অগ্রাধিকার বাজার ও রিসোর্স স্পষ্ট না করলে কর্মীরা বিভ্রান্ত হন। একটি পেশাদার পরিষেবা সংস্থার পর্যবেক্ষণে দেখা গেছে, নির্দিষ্ট রোডম্যাপ না থাকায় বিক্রির লক্ষ্যমাত্রার বিপরীতে প্রতিষ্ঠানের রাজস্ব ১০ শতাংশ কমে গিয়েছিল। ব্যবস্থাপনা দলের সদস্যরা প্রতিষ্ঠানের আগামী ১২ মাসের প্রধান তিনটি অগ্রাধিকার সম্পর্কে একমত কি না, তা যাচাই করার মাধ্যমে এই স্পষ্টতা আনা সম্ভব।
আপনার কী করা উচিত?
- 1প্রতিষ্ঠান আপনার অনুপস্থিতিতে চলতে পারে কি না তা যাচাই করতে প্রধান ৫টি গ্রাহক সম্পর্কের দায়িত্ব দক্ষ কর্মীদের ওপর অর্পণ করুন এবং তাদের স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দিন।
- 2অপেক্ষাকৃত কম দক্ষ কর্মীর ক্ষেত্রে অনির্দিষ্টকাল অপেক্ষা না করে নির্দিষ্ট সময়সীমা ও পরিমাপযোগ্য উন্নতির লক্ষ্য নির্ধারণ করুন।
- 3ব্যবসার পরবর্তী ১২ মাসের শীর্ষ তিনটি অগ্রাধিকার কী তা নিয়ে নেতৃত্ব দলের সদস্যদের স্বাধীনভাবে লিখতে বলে তাদের বোঝাপড়ার সামঞ্জস্য যাচাই করুন।
সূত্র: Entrepreneur










