সারট্যাক্স (Surtax) হলো এমন একটি অতিরিক্ত কর, যা ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠানের ওপর আগে থেকেই থাকা কোনো করের ওপর নতুন করে বসানো হয়। এটি সাধারণ কোনো করের হার বাড়ানো নয়, বরং মূল করের পাশাপাশি আলাদা একটি বাড়তি করস্তর তৈরি করে। এর কাঠামো ফ্ল্যাট বা প্রগ্রেসিভ—উভয় ধরনেরই হতে পারে। ব্যক্তি আয়করের মতো সাধারণ করের অর্থ যেখানে সরকারের বিভিন্ন কার্যক্রমে ব্যয় হয়, সেখানে সারট্যাক্স সাধারণত স্বাস্থ্যসেবা, যুদ্ধ বা নির্দিষ্ট কোনো জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে ধার্য করা হয়।

যুক্তরাষ্ট্রে ১৯৬৮ সালে ভিয়েতনাম যুদ্ধের ব্যয় মেটাতে প্রথমবারের মতো ব্যক্তিগত আয়ের ওপর সর্বজনীনভাবে ১০ শতাংশ সারট্যাক্স আরোপ করা হয়েছিল, যদিও যুদ্ধ শেষ হওয়ার আগেই তা প্রত্যাহার করা হয়। বর্তমানে সারট্যাক্স প্রায়ই করদাতাদের আয়ের স্তর অনুযায়ী নির্ধারিত হয়। এর একটি পরিচিত উদাহরণ হলো অল্টারনেটিভ মিনিমাম ট্যাক্স (AMT)। উচ্চ আয়ের করদাতাদের ক্ষেত্রে মূল আয়করের বাইরে এএমটি হিসেব করতে হয় এবং দুটির মধ্যে যেটি বেশি, সেই পরিমাণ অর্থ কর হিসেবে দিতে হয়। এ ছাড়া অঙ্গরাজ্যভেদে বিক্রয়ভিত্তিক সারট্যাক্সও রয়েছে, যা ক্ষতি হ্রাস বা স্বাস্থ্যঝুঁকি মোকাবিলার অর্থ জোগাতে সিগারেটের মতো পণ্যের ওপর আরোপিত 'সিন ট্যাক্স'-এর সঙ্গে অতিরিক্ত হিসেবে ধার্য করা হয়।

কর বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিকভাবে সারট্যাক্স অনেক সময় জনপ্রিয় হয়, কারণ এর মাধ্যমে নির্দিষ্ট একটি ভোটার বা করদাতা গোষ্ঠীর ওপর কর চাপিয়ে কোনো বিশেষ প্রকল্পের অর্থ সংগ্রহের ঘোষণা দেওয়া সহজ হয়। তবে সুস্থ করনীতির চারটি মৌলিক মানদণ্ড—সরলতা, স্বচ্ছতা, নিরপেক্ষতা ও স্থিতিশীলতা—বিবেচনায় সারট্যাক্স বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থ হয়। এটি বিদ্যমান কর ব্যবস্থাকে জটিল করে তোলে, প্রকৃত করের বোঝা অস্পষ্ট করে এবং সাময়িক বা অনিশ্চিত প্রকৃতির হওয়ায় করদাতাদের আর্থিক সিদ্ধান্ত গ্রহণে বিভ্রান্তি তৈরি করে।

কেন এটি গুরুত্বপূর্ণ

সারট্যাক্স বিদ্যমান করের ওপরে আলাদা করভার তৈরি করে কার্যকর করের হার বদলে দেয়, যা ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টির পাশাপাশি সামগ্রিক কর ব্যবস্থাকে আরও জটিল করে তোলে।

সূত্র: Tax Foundation