পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করে তাঁকে বাংলাদেশে গিয়ে ভোটে দাঁড়ানোর কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। দুর্গাপুরে আয়োজিত একটি রাজনৈতিক সভায় তিনি এই মন্তব্য করেন।

সভায় বক্তব্য দেওয়ার সময় বিজেপি সাংসদ দাবি করেন, যেসব ভোটারের ওপর ভরসা করে তৃণমূল নেত্রী পুনরায় জয়ের চেষ্টা করছেন, তাঁরা সবাই বাংলাদেশে চলে গেছেন এবং তাঁরা আর ফিরে আসতে পারবেন না। এরপর তৃণমূল নেত্রীর উদ্দেশে কটাক্ষ ছুড়ে তিনি বলেন, তিনি যেন বাংলাদেশে গিয়ে তাঁর সহযোগী দল জামায়াতে ইসলামীর প্রতীক নিয়ে ভোটে দাঁড়ান, সেখানে হয়তো তিনি প্রধানমন্ত্রীও হতে পারবেন।

ভাষণে জ্যোতির্ময় সিং মাহাতো আরও বলেন, ভারত নেপাল বা ফ্রান্স নয়। বিদেশি শক্তির কাছ থেকে অর্থ সহায়তা নিয়ে ভারতে বিভেদ ও সহিংসতা ছড়ানোর কোনো চেষ্টা সফল হতে দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। এছাড়া বিজেপির সাম্প্রতিক বিভিন্ন কর্মসূচিতে বিপুল জনসমাগম দেখে বিরোধীরা উদ্বেগে রয়েছে বলেও দাবি করেন এই বিজেপি সাংসদ।

সূত্র: Sangbad Pratidin